১০ম গ্রেড বাস্তবায়নে স্মারকলিপি

কমপ্লিট শাটডাউনের ঘোষণা টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম

সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা দিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আগামী ৪ ডিসেম্বর তারা এই কর্মসূচি পালন করবেন। এর আগে আগামী ৩০ নভেম্বর সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি এবং ৩ ডিসেম্বর অর্ধ-দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

আজ বুধবার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. বিপ্লবুজ্জামান বিপ্লব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন।

অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে গতকাল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী, স্বাস্থ্য সচিব এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। একই সঙ্গে সারা দেশে সকল স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছেও তারা স্মারকলিপি দেন। স্মারকলিপি দেওয়ার সময় বাস্তবায়ন কমিটির নেতারা ১০ম গ্রেড প্রদানে যৌক্তিকতা তুলে ধরেন।

তারা জানান, সমসাময়িক ডিপ্লোমাধারী, ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা কৃষিবিদসহ অন্যদের ১০ম গ্রেড প্রদান করা হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড থেকে বঞ্চিত। অথচ তিন দশক ধরে তারা দাবি জানিয়ে বঞ্চিত হয়ে আসছেন।

বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. বিপ্লবুজ্জামান বিপ্লব বলেন, ১০ম গ্রেড প্রাপ্তির সকল শর্তপূরণ করার পরও কর্তৃপক্ষের উদাসীনতা এবং আমলাতান্ত্রিক জটিলতায় দাবিটি উপেক্ষিত রয়েছে। বর্তমানে ১০ম গ্রেডের ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের স.ও.ব্য-১০ শাখায় প্রক্রিয়াধীন। দীর্ঘদিনে দাবি বাস্তবায়ন না হওয়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারই প্রেক্ষিতে কঠোর কর্মসূচি দেওয়া হয়েছে।

কর্মসূচি চলাকালীন সময়ে স্বাস্থ্যসেবা সাময়িকভাবে বিঘ্নিত হবে। সেজন্য দুঃখ প্রকাশ করেছেন মো. বিপ্লবুজ্জামান বিপ্লব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত