গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত প্রাণীসপ্তাহ ও প্রদর্শণীতে নজর কেড়েছে ক্ষুদ্র খামারি রফিকুল ইসলাম ফালুর পালিত ভেড়া বুলবুলি। বিশেষ করে শিশুরা বুলবুলি ভক্ত হয়ে যায়। বুধবার (২৬ নভেম্বর) শ্রীপুরে প্রাণীসম্পদ অফিসে অনুষ্ঠিত প্রাণীসপ্তাহ ও প্রদর্শণীতে দেখা মিলে ভেড়া বুলবুলির।
প্রদর্শনীতে ভেড়াটি নজর কাড়ার প্রধান কারণ হচ্ছে সে একা একা ঘুরে বেড়িয়েছে। এর মধ্যে মালিক বুলবুলি বলে ডাক দিলেই সবার ভিড় ভেঙে ছুটে যাচ্ছে মালিকের কাছে। সুযোগ পেলেই কোলে উঠে বসে থাকছে। রঙ বেরঙের বেলুনে মোড়ানো ভেড়া বুলবুলির ওপর সবার নজর ছিল। খুবই পোষমানা ভেড়াটির আচরণে আনন্দও পেয়েছেন দর্শনার্থীরা।
ভেড়ার মালিক টেংরা গ্রামের খামারের হাজিরা শ্রমিক রফিকুল ইসলাম ফালু বলেন, তার পোষা প্রাণীগুলোই তার আলাদা একটা জগৎ আলাদা পৃথিবী। বাড়িতে তার একটি ষাঁড় গরুর বাছুর আছে নাম অভাবী। খুব অভাবেরকালে জন্ম হওয়ায় তার নাম রাখা হয়েছে অভাবী। আরও একটি বকনা বাছুর আছে বাতাসি নাম। সবগুলো সঙ্গে তিনি দারুন সখ্যতা গড়ে তুলেছেন। নাম ধরে ডাকলেই তার পিছু পিছু ছুটে চলেন। কখনো কখানো বাজারেও নিয়ে যান ভেড়া বুলবুলি আর ষাঁড় অভাবীকে। তার একমাত্র মেয়ে ফারিয়ার মতই আদরের এ সব পশুগুলো।
দর্শনার্থী শিশু অনিকা ইমা বলে, ভেড়া বুলবুলি মাঠে নিজে নিজে ঘুরাফেরা করছে। আর সুযোগ পেলেই লাফ দিয়ে মালিকের কুলে চড়ে বসছে। দেখতে দারুন লেগেছে।
শ্রীপুর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. গোলাম মুরশেদ মুরাদ জানান, ‘দেশীয় জাত উন্নত প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নত’ এই প্রতিপাদ্যে আয়োজিত প্রদর্শণীতে আসা বিভিন্ন প্রাণীর চিকিৎসা সেবা দিচ্ছি আমরা। বিশেষ করে বিড়ালের জন্য একটি ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পিং করা হয়েছে। শীতে বিড়াল নানা জটিল রোগে ভোগে। সে চিন্তা থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
শ্রীপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশরাফ হোসেন বলেন, প্রাণীসপ্তাহ ও প্রদর্শণীতে দারুন আকর্ষণীয় ছিল ভেড়া বুলিবুলি। সবার নজর কাড়ে ভেড়াটি। পরম যত্নে স্নেহে লালনপালন করায় সে খুবই প্রভুভক্ত হয়ে উঠেছে। মালিকের সঙ্গে তার প্রেমটাও উপভোগ করার মত। তাছাড়া পশুপাখি প্রতি আদর যত্ন বাড়ালে তারাও দারুন ভক্ত হয় ভেড়া বুলবুলি তার উদাহরণ।