স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার চেষ্টা বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনসহ আট দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চত্বর থেকে সংগঠনের সদস্যরা কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।
বক্তব্যে নার্সরা বলেন, আমাদের দাবি পূরণ না হলে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। আগামী ৩০ নভেম্বর কালো ব্যাজ ধারণ করে দুই ঘণ্টাব্যাপী প্রতীকী শাট-ডাউন এবং ২ ডিসেম্বর থেকে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারা দেশের সকল স্বাস্থ্যসেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে কমপ্লিট শাট ডাউন পালন করা হবে বলে হুশিয়ারি দেন তারা।
আন্দোলনকারী নার্সদের দাবিগুলো হলো-অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ এবং ক্যারিয়ার প্যাথ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে। নার্সদের পরবর্তী উচ্চতর পদগুলোতে (৯ম থেকে ৪র্থ গ্রেড) ভূতাপেক্ষভাবে পদ প্রমার্জনের মাধ্যমে পদোন্নতিসহ সুপার নিউমারারী পদোন্নতি দিতে হবে। অবিলম্বে নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইনস্ট্রাক্টর পদগুলো ৯ম গ্রেডে উন্নীত করতে হবে। ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাশ) সমমান দিতে হবে এবং সকল গ্রাজুয়েট নার্স-মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে। বেসরকারি স্বাস্থ্য সেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নার্স নিয়োগের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নিয়োগ-বিধি ও মানসম্মত বেতন কাঠামো তৈরি করতে হবে এবং অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন ভুয়া নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। নার্স-মিডওয়াইফদের ঝুঁকিভাতা দেওয়াসহ নার্সদের ওপর জোরপূর্বক বিগত সরকারের চাপিয়ে দেওয়া নার্সিং ইউনিফরম পরিবর্তন করতে হবে এবং শয্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে নার্স-মিডওয়াইফদের পদ সৃজন ও নিয়োগ দিতে হবে।
