কুমিল্লার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সরকারি বিধি অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই অফিস কার্যক্রম পরিচালিত হচ্ছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিস সময় চলমান থাকলেও ইউনিয়ন পরিষদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।
উদ্যোক্তা কক্ষ ছাড়া প্রায় সব কক্ষের দরজায় তালা ঝুলছে। উপস্থিত ছিলেন শুধু দুইজন ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা; কোনো কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি।
সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী জানান, প্রায়ই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাদের। কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে নিয়মিত জনসেবা ব্যাহত হচ্ছে। চেয়ারম্যান স্বাক্ষর জন্য আজকের কাজ আগামী কর্মদিবসের জন্য অপেক্ষা থাকতে হবে এমনটি জানিয়েছেন এক ভুক্তভোগী।
উদ্যোক্তা সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর দীর্ঘদিন ধরে অফিসে অনুপস্থিত। তিনি বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে আছেন। অন্যদিকে ইউপি সচিব সুজন মজুমদার অতিরিক্ত দায়িত্বে আছেন। সপ্তাহে দুইদিন অফিস করেন। ফলে সেবা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।
ইউনিয়ন চৌকিদার ৭ জনের একজনও উপস্থিত ছিলেন না। দফাদার খলিলুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি ২ মিনিটে আসতেছি। ইউনিয়নের পাশে আমার বাড়ি। পরে অফিসে এসে জানান, ‘আমি ভাত খেতে গিয়েছিলাম। অফিস কেন বন্ধ? এ বিষয়ে আমি কিছু জানি না। আজ পতাকা উত্তোলন করা হয়নি? এটা আমাদের ভুল। আমাদের ব্যর্থতা।
এই বিষয়ে চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘আমার শিশুটিও অসুস্থ, আমি ঢাকায় যাচ্ছি। পতাকা উত্তোলন না করা ঠিক হয়নি—এটা আমি খতিয়ে দেখব। সপ্তাহের শেষ দিন দেখে হয়তো সবাই তাড়াহুড়া করে অফিস বন্ধ করেছে।’
তিনি আরও বলেন, সোমবার কিংবা বুধবার অফিসে আসেন, আপনার চায়ের দাওয়াত রইল।
স্থানীয়দের অভিযোগ, নিত্যদিনের এই অনিয়মে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
