খুলনা জেলার খালিশপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঈশান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাজ নামে আরেক যুবক গুরুতর জখম হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড়ে এ ঘটনা ঘটে। ঈশান মুজগুন্নী পেটকা বাজার এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী সহিদুজ্জামান বাচ্চুর ছেলে। রাজ সোনাডাঙ্গা দ্বিতীয় ফেজ এলাকার বাসিন্দা মিজান উদ্দিনের ছেলে।
খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, খালিশপুর থানার কাছে ফেয়ার ক্লিনিকের সামনে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় ঈশান ও রাজকে ছুরিকাঘাত করে আহত করা হয়। ঈশানের পেটের ডান পাশে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা তাদের দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে ঈশানের অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। তবে আহত রাজ চিকিৎসাধীন রয়েছে।
