‎ম্যারাডোনার ৫০৩ গ্রামের হৃদপিন্ড এখনো পুলিশ পাহারায়

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১১:৪৭ এএম

ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা মারা যাওয়ার পাঁচ বছর পেরিয়ে গেলেও তাঁর হৃদপিন্ডকে ঘিরে রহস্য এখনও কাটেনি। ২০২০ সালের ২৫ নভেম্বর তাঁর মৃত্যু বিশ্ব ফুটবলকে নাড়া দিয়েছিল; পাশাপাশি শুরু হয় মৃত্যুর পর ফরেনসিক প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন।

‎মারাডোনার হৃদযন্ত্রসহ কিছু অঙ্গ—যেমন লিভার ও কিডনি—সংরক্ষণ করা হয় তদন্তের স্বার্থে। বিশেষজ্ঞদের মতে, তাঁর হৃদযন্ত্রের ওজন ছিল প্রায় ৫০৩ গ্রাম, যা একজন সাধারণ মানুষের তুলনায় প্রায় দ্বিগুণ। হৃদপিণ্ডে ছোটখাটো একাধিক ক্ষতের দাগ পাওয়া গিয়েছিল, যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়।

‎স্প্যানিশ সংবাদমাধ্যম এএস বলছে, আর্জেন্টিনার বিভিন্ন সহিংস গোষ্ঠী ‘ট্রফি’ হিসেবে হৃদপিন্ড চুরি করার পরিকল্পনা করছে—এমন বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার পর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, মারাডোনার শরীরের সঙ্গে হৃদপিণ্ড দাফন করা হবে না। বর্তমানে তাঁর হৃদপিন্ড বুয়েনস আয়ারসে প্রাদেশিক পুলিশের প্যাথলজি বিভাগে, ফরমালিনে সংরক্ষিত অবস্থায় রক্ষিত আছে।

‎আইনগত নিয়ম ও তদন্ত সংক্রান্ত কারণেই হৃদপিন্ডকে অন্তত ১০ বছর বিশেষ নিরাপত্তায় রাখতে হবে। এই সময়ের পর ভবিষ্যতে তা পরিবারের সদস্য, আদালত ও সংশ্লিষ্ট সংস্থাগুলো মিলে সিদ্ধান্ত নেবে—হৃদপিন্ডটি মারাডোনার দেহের সঙ্গে সমাহিত করা হবে কিনা।

‎আর্জেন্টাইন কিংবদন্তি বর্তমানে বুয়েনস আয়ারসে হার্ডিন বেলা ভিস্তা কবরস্থানে বাবা–মায়ের পাশেই শায়িত আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত