ব্রিসবেনেও কামিন্স নেই; অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্টিভেন স্মিথ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

চলমান পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য দল অপরিবর্তিত রেখেছে অস্ট্রেলিয়া। আগামী ৪ ডিসেম্বর ব্রিসবেনের গ্যাবায় শুরু হতে যাওয়া দিবা-রাত্রির টেস্ট ম্যাচেও খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক পেস তারকা প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। ফলে দলটির নেতৃত্ব থাকছে স্টিভেন স্মিথের হাতে।

সিডনিতে অনুশীলনের সময় কামিন্স ও হ্যাজলউডকে নেটে বল করতে দেখা গেলেও চোট পুরোপুরি কাটেনি। সে কারণে ব্রিসবেন টেস্টে তাদের না খেলার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজম্যান্ট। তবে কামিন্স দলের সঙ্গে থেকে পুনর্বাসন চালিয়ে যাবেন। পার্থ টেস্টে এই দুই তারকা বোলারকে ছাড়াই দুর্দান্ত জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে মাত্র এক সেশনে ২০৫ রান তাড়া করে অজিরা ম্যাচ জিতে নেয়।

মাদ্র দুই দিনে শেষ হওয়া ওই ম্যাচে ওপেনিংয়ে নেমে মাত্র ৮৩ বলে ঝড়ো ১২৩ রান করেন ট্রাভিস হেড। মূলত ওপেনার উসমান খাজার চোটে পড়ায় তিনি ওপরে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। পিঠের চোটে আক্রান্ত খাজাকে স্কোয়াডে রেখেছে অস্ট্রেলিয়া। পার্থ টেস্টের প্রথম ইনিংসে তিনি করেন মাত্র ১ রান। দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করার সময় আবার চোট পেয়ে আর ব্যাটিং করতে পারেননি। ব্রিসবেনে তার খেলা অনিশ্চিত। প্রয়োজনে হেডকে স্থায়ী ওপেনার হিসেবে খেলানো হতে পারে এবং ৬ নম্বরে জায়গা পেতে পারেন অলরাউন্ডার বিউ ওয়েবস্টার।

দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড: স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজার, মারনাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত