রোনালদোকে বাঁচাতে গিয়ে আইনি ঝামেলায় ফাঁসতে পারে ফিফা

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম

পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর নিষেধাজ্ঞা আংশিক স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে আইনি ঝুঁকিতে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিপক্ষ দেশগুলো আন্তর্জাতিক ক্রীড়া আদালতে মামলা করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানিয়েছে ‘ডেইলি মেইল’।

সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বের এক ম্যাচে আয়ারল্যান্ডের ডিফেন্ডার দারা ও’শের মাথায় কনুই দিয়ে মারার অভিযোগে রোনালদোকে লাল কার্ড দেখানো হয়। ওই ঘটনার কারণে ৪০ বছর বয়সী এই তারকাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে বিতর্কিত এক সিদ্ধান্তে ফিফা সেই নিষেধাজ্ঞার শেষ দুই ম্যাচ এক বছরের প্রবেশনকালীন শর্তে স্থগিত রাখে। ফলে তিনি পর্তুগালের হয়ে আসন্ন বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন।

রোনালদো ইতোমধ্যে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করেছেন। তিনি আর্মেনিয়ার বিপক্ষে পর্তুগালেরর ৯–১ ব্যবধানে জয় পাওয়া বাছাইপর্বের শেষ ম্যাচে মাঠে নামতে পারেননি। এরপরই ফিফা তার নিষেধাজ্ঞা স্থগিত করে। অনেকেই এর মাঝে রাজনৈতিক গন্ধও পাচ্ছেন। কারণ, মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রোনালদোর সাক্ষাতের পরই এই ঘটনা ঘটে।

ডেইলি মেইল স্পোর্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যেসব দেশ বিশ্বকাপের গ্রুপপর্বে পর্তুগালের মুখোমুখি হবে এবং যেসব ম্যাচে রোনালদো নিষিদ্ধ থাকার কথা ছিল—তারা চাইলে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) মামলা দায়ের করতে পারে। এ ধরনের মামলা হলে সুইজারল্যান্ডে একটি বিশেষ প্যানেল শুনানি নিয়ে রায় দেবে।

আইন বিশেষজ্ঞদের মতে, মামলা করতে হলে সংশ্লিষ্ট দেশগুলোকে প্রমাণ করতে হবে যে, ফিফার সিদ্ধান্ত আইনি দিক থেকে ভুল। আরও প্রমাণ করতে হবে যে, রোনালদো খেলায় অংশ নিলে তাদের গ্রুপ পর্ব থেকে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা বাস্তবিক অর্থেই ক্ষতিগ্রস্ত হবে। যদিও ফিফার দাবি, তাদের শৃঙ্খলা কমিটি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে।

শাস্তি স্থগিত নিয়ে এক বিবৃতিতে ফিফা জানায়, তাদের শৃঙ্খলাবিধির ২৭ নম্বর ধারা অনুযায়ী তারা কোনো শাস্তি সম্পূর্ণ বা আংশিকভাবে স্থগিত রাখার ক্ষমতা রাখে। বিবৃতিতে বলা হয়, ‘রোনালদোর বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের প্রবেশনকালীন ভিত্তিতে স্থগিত রাখা হয়েছে। এই সময়ের মধ্যে তিনি একই ধরনের গুরুতর অপরাধ করলে অবশিষ্ট দুই ম্যাচের নিষেধাজ্ঞা সঙ্গে সঙ্গে কার্যকর হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত