খেলতে গিয়ে মোবাইল ছিনতাই; জাতীয় দলের ক্রিকেটারের কারাদণ্ড

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম

বিদেশ সফরে গিয়ে এক নারীকে মারধর করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার দায়ে পাপুয়া নিউগিনির জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান কিপলিন দোরিগাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জার্সি দ্বীপে সংঘটিত এই ঘটনায় দোষ স্বীকার করায় আদালত তাকে এই সাজা প্রদান করে। এই ঘটনায় আন্তর্জাতিক সফরে ক্রীড়াবিদদের শৃঙ্খলা ও আচরণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনাটি ঘটে চলতি বছরের ২৫ আগস্ট দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে। হোটেলে ফেরার পথে জার্সির সেন্ট হেলিয়ার এলাকার হিলারি স্ট্রিটে এক নারীকে একা দেখে হঠাৎ পেছন থেকে ঘুষি মেরে তাকে মাটিতে ফেলে দেন দোরিগা। এরপর জোরপূর্বক তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। ভুক্তভোগী নারীর শারীরিক আঘাতের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পুলিশ ওই দিনই দোরিগাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

পরদিন দোরিগার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ডাকাতির মামলা দায়ের করা হয়। পরে আদালতে দোষ স্বীকার করায় শুক্রবার জার্সির রয়্যাল আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেন। জার্সি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘রাতে একা চলাচলকারী নারীর ওপর এ ধরনের হামলা অত্যন্ত গুরুতর অপরাধ। আমরা নারী ও কন্যা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাব।’

উল্লেখ্য, ঘটনার সময় কিপলিন দোরিগা আন্তর্জাতিক ক্রিকেট পরিষদের বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগে অংশ নিতে জার্সিতে অবস্থান করছিলেন। এর আগেই তিনি ডেনমার্ক ও কুয়েতের বিপক্ষে দুটি ম্যাচে অংশ নিয়েছিলেন। পরবর্তী আরও ম্যাচ খেলার কথা থাকলেও এই ঘটনার পর তার আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ এখন বড় অনিশ্চয়তার মুখে। এই ঘটনায় বিশ্ব ক্রিকেটাঙ্গনেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং দোরিগার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত