মাদারীপুরে সেতুতে মোটরসাইকেলের টোল চাওয়ায় হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে অজ্ঞাত যুবকদের বিরুদ্ধে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) রাতে মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকায় আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সপ্তম চীন মৈত্রী সেতুর টোলপ্লাজার অফিসে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৭টার দিকে মোটরসাইকেল নিয়ে কয়েকজন যুবক সেতু পারাপার হয়। এ সময় সেতুর টোল আদায়কারী কর্মীরা তাদের কাছে টোলের টাকা চায়। এ নিয়ে উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়ায়। পরে ওই যুবকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টোল আদায়কারী ঠিকাদারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে অফিসের ফার্নিচার ভাঙচুর করে। এ হামলার ঘটনায় তিনজন কর্মী আহত হন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে হামলাকারীদের চিনতে পারেনি ভুক্তভোগীরা। জড়িতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। টোল আদায়কারী ঠিকাদারি কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আর্জেন্টাইনের হ্যাটট্রিকে ফাইনাল জিতে আরেক ফাইনালে মেসির মায়ামি