কুমিল্লা ইপিজেড 

বকেয়া বেতন দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম

বকেয়া বেতন ও ভাতা পরিশোধ ও কর্মস্থলে ফেরার দাবিতে কুমিল্লা এক্সপোর্ট প্রসেসিং জোনে (ইপিজেড) নাসা গ্রুপের কয়েকটি কারখানার শ্রমিকরা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন। রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে ইপিজেডের ১নম্বর ফটকের সামনে শ্রমিক জড়ো হয়ে এ কর্মসূচি শুরু করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে এবং দুপুর পর্যন্ত চলে এই কর্মসূচি।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক মনির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরারে বেতন দিতে কন, পোলা-মাইয়া না খাইয়া আছে। নাসা গ্রুপের মালিক আইয়া সমাধান করুক। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) লোকেরা শুধু শান্তনার কথা কয়।

শ্রমিক শিউলি আক্তার বলেন, ঘরভাড়া দিতে পারতেছি না। অনেকদিন চুলায় আগুন জ্বলে না। পাওনা ছাড়া ঘরে ফিরব না।

এ বিষয়ে বেপজার জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল মাহবুব বলেন, শ্রমিকদের কষ্ট আমরা জানি। তাদের দাবির প্রতি আমরা শ্রদ্ধাশীল। দ্রুত সমাধানর চেষ্টা চলছে।

নাসা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর আব্দুল হাফিজ জানান, ৩০ নভেম্বরের মধ্যে বেতন-ভাতা দেওয়ার কথা থাকলেও কোম্পানি বড় ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তারপরও শ্রমিকদের প্রতি আমরা কৃতজ্ঞ। সমস্যার সমাধানে কাজ চলছে।

নাসা স্পিনিং লিমিটেড, নাসা স্পিনারসসহ গ্রুপটির কয়েকটি প্রতিষ্ঠান ২০২৫ সালের এপ্রিল থেকে ধীরে ধীরে উৎপাদন কমাতে শুরু করে। চলতি বছরের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানগুলোকে ‘বন্ধ’ ঘোষণা করা হলেও শ্রমিকদের কয়েক মাসের বেতন-ভাতা বকেয়া থেকে যায়। শ্রমিকদের অভিযোগ, বহুবার সময় নেওয়ার পরও মালিকপক্ষ পাওনা পরিশোধে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত জানায়নি। এর মধ্যে গত ২৯ নভেম্বর কোম্পানির নতুন একটি নোটিশ প্রকাশ হওয়ার পর ক্ষোভ আরও বাড়ে। শ্রমিকদের দাবি, নোটিশে বকেয়া পরিশোধের কোনো নির্দিষ্ট তারিখ বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত