ছাত্রসংসদ নির্বাচন, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণ ও ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে ১৩ দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রশিবির নোবিপ্রবি শাখা। রবিবার (৩০ নভেম্বর) সকালে নোবিপ্রবি প্রক্টর এ এফ এম আরিফুর রহমান ও রেজিস্ট্রার তামজিদ হোসাইন চৌধুরির কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।
তাদের অন্য দাবিগুলো হল-আবাসন সমস্যা সমাধান; পরিবহন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন সংক্রান্ত; নিরাপত্তা ও পরিবেশ সংক্রান্ত; অবকাঠামো সংক্রান্ত; লাইব্রেরি সংক্রান্ত; সংস্কৃতি ও ধর্মীয় উপসনালয় সংক্রান্ত; নিয়োগ সংক্রান্ত; স্বাস্থ্য সুরক্ষা ও মেডিকেল সেন্টারে সংক্রান্ত; শরীরচর্চা কেন্দ্র সংক্রান্ত ও প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত।
এই প্রসঙ্গে নোবিপ্রবি ছাত্রশিবির সভাপতি আরিফুল ইসলাম বলেন, ক্যাম্পাসের সংকট ও শিক্ষার্থীদের প্রত্যাশা বিবেচনা করে প্রদত্ত প্রস্তাবনার আলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ে টেকসই সমাধানের কার্যকর ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে। এরই প্রেক্ষিতে বৈষম্যহীন, নিরাপদ ও ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গঠনের মাধ্যমে জুলাই বিপ্লবের স্পিরিটের প্রতিফলন ঘটবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান বলেন,স্মারকলিপি যে কেউই দিতে পারে। তবে রাজনৈতিক ব্যানারে না দেওয়াই ভালো। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন চিন্তা করছি যে কেমন ক্যাম্পাস চাই এমন একটি মতবিনিময় আয়োজন করা হবে। যেহেতু আমাদের ২০ বছরের একটা বাইন্ডিংস আছে রাজনীতি করার ব্যাপারে সামনে ২০২৬ সালে সে বাইন্ডিংসটা সরে যাবে তার আগের দিন আমরা ‘কেমন রাজনৈতিক পরিবেশ চায়’ সেটা নিয়ে আমরা মতবিনিময় করবো। সে ক্ষেত্রে সবাই যদি ছাত্র সংসদের ব্যাপারে মতামত দেয় আমরা সেই দিকে আগাবো।
ভোলা-বরিশাল সেতুর দাবিতে চবিতে মানববন্ধন 