১২৫ মিলিয়ন পাউন্ডের ইসাকের প্রথম লিগ গোল, লিভারপুলের চার ম্যাচ পর জয়

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ এএম

আলেকজান্ডার ইসাক অবশেষে লিভারপুলের হয়ে তার প্রথম প্রিমিয়ার লিগ গোল করলেন। সেই গোলই সমস্যায় জর্জরিত লিভারপুলকে ওয়েস্ট হ্যামের মাঠে ২-০ ব্যবধানে বহু কাঙ্ক্ষিত জয়ের প্রেরণা দিল রবিবার।

গত সেপ্টেম্বরে নিউক্যাসল থেকে ব্রিটিশ রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেওয়ার পর লিগে পাঁচ ম্যাচে গোলশূন্য ছিলেন সুইডেনের এই ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের জার্সিতে তার এটি ছিল ১১ ম্যাচে দ্বিতীয় গোল—আগেরটি এসেছিল লিগ কাপের ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে।

স্টপেজ টাইমে কোডি গাকপোর গোল নিশ্চিত করে লিভারপুলের চার ম্যাচ পর জয়।

লিভারপুল কোচ আরনে স্লট বলেন, “নিশ্চয়ই এটা স্বস্তির। এত হারের পর জিততে পারা জরুরি ছিল। আমরা খুব কমই কোনো সুযোগ দিয়েছি প্রতিপক্ষকে, আবার নিজেরাও সুযোগ তৈরি করেছি। এটা আমাদের জন্য ভালো প্রথম ধাপ—জিতেছি এবং ক্লিন শিট পেয়েছি।”

ইনজুরি ও প্রিসিজনে না থাকার কারণে ফিটনেস সমস্যায় ভুগছিলেন ইসাক। মে মাসে নিউক্যাসলের হয়ে ব্রাইটনের বিপক্ষে গোল করার পর লিগে আর গোল পাননি। ক্লাব ও জাতীয় দলের হয়ে ১০ ম্যাচের গোলখরা ভেঙে লিভারপুলের এই মলিন মৌসুমে যেন একটু আলো দেখালেন তিনি।

স্লট বলেন, “এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এক গোল।”

চ্যাম্পিয়নস লিগে মাঝ সপ্তাহে পিএসভি আইন্দহোভেনের কাছে ৪-১ গোলে লজ্জাজনক হার ছিল লিভারপুলের টানা তৃতীয় বড় ব্যবধানের হার—ম্যানচেস্টার সিটি ও নটিঙহ্যাম ফরেস্টের বিপক্ষেও তারা ৩-০ ব্যবধানে হেরেছিল। শেষ ১২ ম্যাচে নয়টি হার—১৯৫৩-৫৪ মৌসুমের পর তাদের সবচেয়ে বাজে সময়—এবং লিগের শেষ সাত ম্যাচে ছয়টিতে হার।

চাপ বাড়লেও স্লট আত্মবিশ্বাসী ছিলেন যে খেলোয়াড়দের সমর্থন তিনি হারাননি। তবে মোহামেদ সালাহকে আগের মতো ফর্মে না পাওয়ায় তিনি এই মৌসুমে তৃতীয়বারের মতো তাকে বেঞ্চে বসান। সালাহ সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র পাঁচ গোল করেছেন।

ইসাকের গোলেই খেলা বদল

ওয়েস্ট হ্যাম ম্যাচের আগে প্রয়াত কিংবদন্তি সাবেক অধিনায়ক ও কোচ বিলি বন্ডসকে সম্মান জানাতে এক মিনিটের করতালিতে শোক প্রকাশ করে লন্ডন স্টেডিয়াম।

ওয়েস্ট হ্যাম ভালো শুরু করলেও ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নেয় লিভারপুল। শুরুতেই সহজ এক সুযোগ নষ্ট করেন ইসাক, পরে অ্যারেওলার দুর্দান্ত সেভে বঞ্চিত হন তার বাইসাইকেল কিক থেকে।

অবশেষে ঘণ্টা পার হতেই ইসাক এনে দেন কাঙ্ক্ষিত সেই গোল। গাকপোর কাটব্যাক পেয়ে ডি-বক্সের ভেতর থেকে নিচু শটে জাল খুঁজে নেন তিনি। উদযাপনে হাঁটু গেড়ে স্লাইড করেন লিভারপুলের নতুন ফরোয়ার্ড।

গোলের কয়েক মিনিট পরই তাকে বদলি করেন কোচ স্লট—টাচলাইনে করমর্দন করে প্রশংসা জানানোর দৃশ্য দেখায় দল তার জন্য কতটা অপেক্ষা করছিল।

৮৪ মিনিটে দুই হলুদ কার্ডে নির্বুদ্ধিতার শিকার হন লুকাস পাকেতা—প্রথমটি অসন্তোষ দেখানোর জন্য, পরে রেফারির সামনে দাঁড়িয়ে কথা চালিয়ে যাওয়ায়।
এর পর স্টপেজ টাইমে ওয়েস্ট হ্যামের রক্ষণের ভুলে সুযোগ পেয়ে ১২ গজ দূর থেকে দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন গাকপো।

এই জয়ে লিভারপুল উঠে এসেছে টেবিলের অষ্টম স্থানে—দীর্ঘ দিন পর সামান্য হলেও স্বস্তির হাওয়া বইছে অ্যানফিল্ডে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত