জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ ৫ দাবিতে ইসলামপন্থী ৮ দলের খুলনা বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) ভোর থেকে সমাবেশস্থলে মহানগরীর বাবরী চত্বর (শিববাড়ি) ও আশপাশের সড়কে জড় হতে থাকে নেতাকর্মীরা। দুপুর দেড়টা পর্যন্ত নেতাকর্মীদের যেন ঢল নেমেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সমাবেশকে উপলক্ষে ভোর থেকেই বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, ব্যাচ প্লাকার্ড নিয়ে খুলনা বিভাগের ১০ জেলা ও নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন নেতাকর্মীরা। তারা নগরীর প্রধান প্রধান সড়ক দিয়ে মিছিল শোডাউনের মাধ্যমে সমাবেশস্থলে হাজির হচ্ছেন। দুপুর দেড়টা পর্যন্ত মহানগরীর বাবরী চত্বর (শিববাড়ি) ও আশপাশের রাস্তায় নেতাকর্মীদের যেন ঢল নেমেছে। দুপুর ১২টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ৮ দলের বিভাগীয় সমাবেশ শুরু হয়। সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তৃতা দিচ্ছেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডেভলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন। এছাড়া খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন।
মাটিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত