সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনা 

শিক্ষক নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহতের প্রতিবাদ ও অবৈধ যানবহন চলাচল বন্ধের দাবিতে পরীক্ষা বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। সোমবার (১ ডিসেম্বর) ১২টা থেকে বলদিপাড়া এলাকায় গাড়াদহ বকুলতলা-মোহনপুর সড়কে গাছের গুড়ি ফেলে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ করে তারা।

বিক্ষোভকারীরা জানায়, সোমবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে শিক্ষক সাবিনা খাতুন অটোভ্যান স্কুলে যাওয়ার সময় গাড়াদহ বকুলতলা আনসারমোড়ে পৌছালে বিপরীতদিক থেকে আসা একটি মাটিবাহী ট্রাক অটোভ্যানটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে শিক্ষিক সাবিনা খাতুন সড়কে ছিটকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ খবর জানার পর স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে।  এক পর্যায়ে তারা গাড়াদহ বকুলতলা-মোহনপুর সড়কের বলদিপাড়া এলাকায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। বিক্ষোভ শেষে দুপুর ২টার দিকে সকল শ্রেণির শিক্ষার্থীরা একযোগে পরীক্ষায় অংশ নেয়। 

বিক্ষোভকারী শিক্ষার্থীর জানায়, গত তিনদিনে এ সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলাচলের কারণে ওই শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। ফলে তারা বাধ্য হয়ে এই বেপরোয়া গতির অবৈধ যান চলাচল বন্ধ ও শিক্ষিকা হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নিয়ে ক্লাসে ফিরে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত