'৫ লাখ বাড়িয়ে দিন, সমস্যা নেই'- কেন বললেন লিটন দাস

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম

বিপিএল নিলামের মূল্য নিয়ে প্রশ্ন শুনে প্রথমে বেশ চমকে গেলেন লিটন কুমার দাস। সাংবাদিক বলছিলেন, রংপুর রাইডার্স তাঁকে নিয়েছে ৭০ লাখ টাকায়। কথা শুনে তৎক্ষণাত লিটনের পাল্টা প্রশ্ন—“৭৫ লাখ না…?” উত্তর আবারও ৭০ লাখ শুনে হেসে ফেললেন জাতীয় দলের অধিনায়ক। মজার ছলে বললেন, “৫ লাখ বাড়িয়ে দিন, সমস্যা নেই…।”

আইরিশদের বিপক্ষে সিরিজশেষে সংবাদ সম্মেলনে নিলামের প্রতিক্রিয়া জানতে চাইলে এই হাস্যরসাত্মক মুহূর্ত তৈরি হয়। গত রোববার বিপিএল নিলামে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন লিটন ও মোহাম্মদ নাঈম শেখ। সেই নাঈমই ১ কোটি ১০ লাখ টাকায় সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে দল পান। আর লিটনের দর ওঠে ৭০ লাখ টাকায়—যা তিনি ভেবেছিলেন ৭৫ লাখ!

দুই দিন পর সংবাদ সম্মেলনেই ভুলটা ধরা পড়ে লিটনের। তবে বিষয়টি নিয়ে আক্ষেপের বদলে বরং তিনি দেখালেন হালকা হাসিঠাট্টা আর ইতিবাচক মানসিকতা।

লিটন বলেন, “নিলাম ভালোই হয়েছে। তবে আমি দেখিনি, কারণ তখন জিমে ছিলাম। আমার কাছে মনে হয়েছে, ওই সময়ে জিম করাটাই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে যদি সুযোগ থাকে, তখন দেখব।”

নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে আক্ষেপ নেই বলেই জানালেন তিনি। “দেখুন, এটা তো আমার নিয়ন্ত্রণে না। আমার হাতের যেটা আছে, আমি সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি—যদি তাঁর ইচ্ছা হয় আমাকে বেশি টাকা দেবেন, তিনিই দেবেন। তাঁর মনে হয়েছে ৭০ লাখ যথেষ্ট, কাজেই যথেষ্টই।”

শেষ প্রশ্নও ছিল আক্ষেপ নিয়ে—৭০ লাখ পেয়ে হতাশ নন? লিটনের উত্তর একই সুরে, “বললাম না, আমি ঈশ্বরে বিশ্বাস করি! যা পেয়েছি, সেটাতেই খুশি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত