রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় অবস্থিত হযরত গোলাপ শাহ্’র মাজারের দান বাক্সে ৫৬ লক্ষ ৬৪ হাজার ৫৫০ টাকা দান হিসেবে পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে মোট ৫৬ জন অনুমোদিত গণনাকারী গণনায় অংশ নেন। এর আগে ২৯ জানুয়ারি মাজারের দান গণনা করা হয়েছিল।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় মাজার ও মসজিদটি পরিচালনা করা হয়। আজ বুধবার সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা কে সভাপতি ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে সদস্য-সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট হযরত গোলাপ শাহ্’র মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটি রয়েছে। এ ছাড়া মাজারের দানের টাকা গণনা ও ব্যাংকে জমাদান নিশ্চিতকরণের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব কে আহ্বায়ক এবং প্রধান সম্পত্তি কর্মকর্তাকে সদস্য-সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট একটি উপকমিটি রয়েছে। এ ছাড়া টাকা গণনাকারী সদস্যদের নাম ও সংখ্যা পূর্ব থেকেই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ও অনুমোদিত হয়ে থাকে।
মাজার থেকে প্রাপ্ত দান সরাসরি জনতা ব্যাংক, নগর ভবন শাখায় মাজারের পৃথক ব্যাংক হিসাবে জমা প্রদান করা হয়। এ দানপ্রাপ্ত অর্থ কেবল হযরত গোলাপ শাহ্’র মাজার ও মসজিদের উন্নয়ন ও ব্যবস্থাপনায় ব্যয় করা হয়। দানকারী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে পক্ষ থেকে গোলাপ শাহ্’র মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
