পুতিনের দিল্লি সফর

জ্বালানি, বাণিজ্য ও প্রতিরক্ষায় নতুন চুক্তির সম্ভাবনা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ এএম

ভারতে দু’দিনের রাষ্ট্রীয় সফর আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে শুরু করতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । সফরকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন এবং দুই দেশের বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। জ্বালানি, বাণিজ্য ও প্রতিরক্ষা—এই তিন গুরুত্বপূর্ণ খাতে বেশ কয়েকটি নতুন চুক্তি হতে পারে বলে কূটনৈতিক সূত্রের ভাষ্য। 

সফরটি এমন সময় হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র রাশিয়ার ছাড়ে দেওয়া অপরিশোধিত তেল কেনা কমাতে ভারতের ওপর চাপ বাড়িয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলভোক্তা দেশ ভারতের রাশিয়া থেকে তেল আমদানির হার আগের তুলনায় দুই শতাংশের সামান্য বেশি থেকে বেড়ে প্রায় পঁয়ত্রিশ শতাংশে পৌঁছানোর পরই ওয়াশিংটনের অসন্তোষ প্রকাশ পায়। ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পর ভারতীয় অর্ডার কিছুটা কমলেও, পুতিন এ সফরে আবারও সেই প্রবাহ জোরদার করার চেষ্টা করবেন।

দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা এখনও সম্পর্কের সবচেয়ে শক্ত ভিত্তিগুলোর একটি। ভারত নতুন রুশ যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে আলোচনা করছে বলে জানা গেছে। শ্রমশক্তির সংকটে থাকা রাশিয়া ভারতীয় দক্ষ জনবল নিয়োগের দিকেও আগ্রহী।

অর্থনৈতিক স্বার্থের পাশাপাশি রাজনৈতিক বার্তাও এ সফরের বড় লক্ষ্য। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা চাপ সত্ত্বেও রাশিয়া যে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন নয়—এটি দেখাতেই ক্রেমলিনের সক্রিয়তা। তিন মাস আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে পুতিনের এই দিল্লি সফর “বহুমাত্রিক বিশ্বব্যবস্থা”–র প্রতি রাশিয়ার অঙ্গীকারকে আরও স্পষ্ট করছে।

বিশ্লেষকদের মতে, ইউরোপ ও পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বর্তমানে বহু বছরের মধ্যে সবচেয়ে টানাপোড়েনপূর্ণ অবস্থায়; ফলে এশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা এখন মস্কোর কূটনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দিল্লি বৈঠকে দুই দেশের বন্ধুত্ব, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি “বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারত্ব” আরও সুদৃঢ় করার ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত