কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত ১ 

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে সুকিরাম উরাং (২৬) নামে এক চোরাকারবারি নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী মুরইছড়া বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুকিরাম ওই এলাকার দাছনু উরাংয়ের ছেলে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ২টার দিকে মুরাইছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশি ৩-৪ জন চোরাকারবারি ভারতীয় নাসির পানের পাতার সিগারেট আনতে সীমান্ত অতিক্রম করে প্রায় ২০০ গজ ভারতের ভেতরে প্রবেশ করে।

তিনি আরও জানান, সেখানে অবস্থানকালে সুকিরাম পিঠের বাম পাশে গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তিনি বাংলাদেশের ভেতরে ফিরে আসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত