টেকনাফের শাহপরীতে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এম ভি মায়ের দোয়া নামক একটি যাত্রীবাহী বোট টেকনাফের কায়ুকখাল হতে ৪৫ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে গমন করে। দুপুর ১২টায় বোটটি টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন গোলারচর এলাকায় পৌঁছালে শ্যাফট ভেঙে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। এ সময় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি টহল দল সমুদ্রে ভাসতে থাকা যাত্রীবাহী বোটটি দেখতে পায় এবং বিকল হওয়া বোটসহ ৪৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করে।
পরবর্তীতে উদ্ধারকৃত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে পরিবারের নিকট হস্তান্তর করা হয় বলেও জানান কোস্টগার্ডের ওই কর্মকর্তা ।
খুলনা অঞ্চল এক বছরে এইডস আক্রান্ত রোগী ১০০, মৃত্যু ২৩