শহীদ জিয়ার বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে: শিবির সভাপতি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম

বিএনপি শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ থেকে বিভাজনের রাজনীতির কবর দিয়েছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু বর্তমানে চেতনা ভুলে গেছে বিএনপি।

বৃহস্পতিবার বিকালে বগুড়ার নন্দীগ্রামে ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে বগুড়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই সমাবেশ করা হয়। বিশেষ অতিথি ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, চাকসুর ভিপি ইবরাহীম রনি ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।

আসন্ন নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ স্বপ্ন দেখছে, একটি রাজনৈতিক দল সেই স্বপ্নকে পিষে মারার অপচেষ্টা চালাচ্ছে। জুলাই শহীদদের স্বপ্ন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দিবে না ছাত্রশিবির।

সমাবেশে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শত শত শহীদের জীবনের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন। আর কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না।

রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ছাব্বিশ জুলাইয়ের আগের রাজনীতি আর চলবেনা। যারা জনগণের ভাষা বুঝতে অক্ষম, তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।

চাকসু ভিপি ইবরাহীম রনি বলেন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুইজন বাংলাদেশিকে হত্যার পর দেশের বড় দলের দাবিদার রাজনৈতিক দল একটি বিবৃতিও দিতে পারেনি।

বগুড়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাবনা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নাজিবুর রহমান মমিন, জামায়াতের বগুড়া অঞ্চল টীম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া-৩ আসনের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, ছাত্রশিবিরের কেন্দ্রিয় ক্যারিয়ার ডেভেলেপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ডাকসুর নির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন মারুফ, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার প্রমূখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত