দেশের স্বার্থে, জনগণের স্বার্থে জোটকেন্দ্রিক আলোচনা চলতে থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এ সময় জোটের প্রসঙ্গে তিনি বলেন, আমরা আমাদের জায়গা থেকে কোনো সম্ভাবনাকে এখন উড়িয়ে দেব না। বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই অ্যালায়েন্স (জোট) কেন্দ্রিক আলোচনা চলতে থাকবে। যারা সমমনা, মধ্যম পন্থার রাজনৈতিক দল আছে, তাদের সঙ্গে আলোচনা এখনও চলছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্ক এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম এসব কথা বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের এই নেতা বলেন, সবশেষে যারা সংস্কারের পক্ষে থাকবে, জুলাইয়ের আকাঙ্ক্ষার পক্ষে থাকবে, দেশের জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা বাংলাদেশের যে মুসলিম সেন্টিমেন্টকে ধারণ করবে এবং সামগ্রিকভাবে আগামীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির যে রাজনীতি, এটি যারা ধারণ করতে পারবে, তাদের সঙ্গে আমাদের জোট হওয়ার যে আলোচনা, এই পথ এখনও খোলা আছে।
তিনি বলে, মাঝখানে আমাদের জোট ঘোষণার একটি সময় নির্ধারণ করা হয়েছিল কিন্তু আমরা মনে করছি যে আমাদের এই যে জোটের রূপরেখা ও বিস্তৃতি এটা আরও বড় হওয়া প্রয়োজন। আশা করছি খুব শিগগির আমাদের এই যে জোট, সেটি আরও বড় আকারে প্রকাশিত হবে।
এনসিপির নেতা বলেন, আগামী দুই দিনের মধ্যে এনসিপি বাংলাদেশের বিভিন্ন আসনে যাদের মনোনয়ন দিচ্ছে তাদের প্রথম ধাপের তালিকা প্রকাশিত হবে। আমরা বিশ্বাস করি, পর্যায়ক্রমে এই ডিসেম্বর মাসের মধ্যে বাংলাদেশের ৩০০ আসনেই এনসিপির সৎ, যোগ্য, যারা বাংলাদেশের পরিবর্তন চান, স্বচ্ছ ধারার রাজনীতি করতে চান এবং জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে গিয়ে মানুষের জন্য কথা বলতে চান, কাজ করতে চান, আমরা তাদের মনোনয়ন দিতে পারব।
