বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ পুনপ্রতিষ্ঠিত হয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে স্বাধীন, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে চকরিয়া উপজেলা কোনাখালী ইউনিয়নে গণসংযোগকালে চতুর্থ দিনের পথসভায় তিনি এসব কথা বলেন।
আগামী দিনে বিএনপির লক্ষ্য ও একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানুষের অধিকার নিশ্চিত করা কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে-কৃষকের জন্য কৃষি কার্ড, ন্যায্য দামে বীজ-সার ও সহজ শর্তে কৃষিঋণ নিশ্চিত করা হবে। সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, যেন কেউ বিনা চিকিৎসা মারা না যায়। দরিদ্র পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে পরিবারভিত্তিক কার্ডের মাধ্যমে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনামূল্যে দেওয়া হবে।
বিএনপির এই নেতা বলেন, জনগণের ত্যাগ, শহীদদের রক্ত ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের ভিত্তিতে আইনের শাসন, মানবাধিকার, মৌলিক অধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান শপথ। বিএনপি বিশ্বাস করে আগামী দিনে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
বেকারদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার, শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও বেকার ভাতা চালুর পাশাপাশি দেড় কোটি মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন সালাহউদ্দিন আহমদ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য দাবি করেন, বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং তা বাস্তবায়ন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলো স্বাধীনতা, মুক্তিযোদ্ধা ও গণতন্ত্র রক্ষার দল এবং দেশের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।
