শান্তি আলোচনার মাঝেই ইউক্রেনজুড়ে মিসাইল হামলা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ এএম

ফ্লোরিডায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের শান্তি আলোচনার চলাকালীন সময়েই ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (৬ ডিসেম্বর) এই আক্রমণে দেশজুড়ে সতর্ক সাইরেন বেজে ওঠে।

ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়া মোট ৬শ তিপ্পান্নটি ড্রোন ও একান্নটি মিসাইল নিক্ষেপ করে, যার মধ্যে ইউক্রেনীয় বাহিনী ৫শ পঁচাশি ড্রোন ও ৩০টি মিসাইল ধ্বংস করে। অন্তত ২৯টি স্থানে হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন অঞ্চলে কমপক্ষে আটজন আহত হয়েছেন। 

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে গ্রিড সংযোগ হারায়, যা নিয়ে সতর্ক করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। কেন্দ্রটি বন্ধ থাকলেও রিঅ্যাক্টর শীতল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, হামলার মূল লক্ষ্য ছিল জ্বালানি স্থাপনাগুলো। কিয়েভ অঞ্চলের ফাস্তিভ শহরের রেলস্টেশনও ড্রোন হামলায় পুড়ে গেছে বলে তিনি জানান।

রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের সামরিক–শিল্প স্থাপনা এবং সেগুলোকে সহায়তা দেওয়া জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত