হালুয়াঘাট মুক্ত দিবসে দোয়া মাহফিল, প্রিন্সকে সমর্থন এলাকাবাসীর

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাট মুক্ত দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার হালুয়াঘাট মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা আসন্ন নির্বাচনে এমরান সালেহ প্রিন্সকে সমর্থন জানান।

অনুষ্ঠানে তিনি বলেন, মুক্তিযুদ্ধ আমাদের অহঙ্কার। মুক্তিযুদ্ধকে আমরা ধারণ করি, মুক্তিযুদ্ধের চেতনাকে অমরা ধারণ করি, লালন করি। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পথে স্বাধীনতাবিরোধী একটি দল পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে।

তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, স্বাধীনতার ঘোষক বীর উত্তম জিয়াউর রহমানের বদন্যতায় বহুদলীয় গণতন্ত্রের হাত ধরে রাজনীতিতে থাকলেও আওয়ামী লীগের মতোই তারা অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে। মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে তারা মুক্তিযুদ্ধের ঘোষকের দলকে লাল কার্ড দেখাতে চায়।

তিনি বলেন, জনগণ ৭১ সালেই জামায়াতে ইসলামীকে লাল কার্ড দেখিয়েছে, ৫৪ বছরেও জনগণ তা দেখিয়ে আসছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি চিহ্নিত এই দলের কর্মকাণ্ডের প্রতি সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে হালুয়াঘাটের ঐক্যের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে বিজয়ী হলে হালুয়াঘাটে মুক্তিযুদ্ধের জাদুঘর প্রতিষ্ঠা করা হবে, সেখানে হালুয়াঘাটের দল-মত নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধাদের ছবিসহ পরিচিতি, রণাঙ্গনের যুদ্ধের অডিও ভিউজিয়াল ইতিহাস এবং সাক্ষাৎকার প্রদর্শন করা হবে। হালুয়াঘাটে সম্মুখ সমরে যুদ্ধের স্থান সমূহে স্মৃতিস্তম্ভ স্থাপন ও দিবস উদযাপন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা বিষেশ্বর চৌহান, বীর মুক্তিযোদ্ধা সুশীল ঘাগড়া, বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা কামাল খান, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান এবং হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল বক্তব্য রাখেন।

এ ছাড়া সন্ধ্যায় তিনি হালুয়াঘাট সাধারণ পাঠাগারের উদ্যোগে হালুয়াঘাট মুক্ত দিবস উপলক্ষে হালুয়াঘাট শহীদ মিনারে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত