১২ বলে ১৬ রান তুলে 'ট্যাকটিক্যাল আউট' সাকিব

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম

ইন্টারন্যাশনাল লিগ টিটোয়েন্টি (আইএলটি২০)–তে রবিবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেল এক বিরল কিন্তু ক্রমে পরিচিত হয়ে ওঠা দৃশ্য। ব্যাটিংয়ে ভালোভাবেই শুরু করেছিলেন সাকিব আল হাসান, কিন্তু হঠাৎই তাকে ‘ট্যাকটিক্যাল রিটায়ার্ড আউট’ করে তুলে নেয় এমআই এমিরেটস। ইনিংসের ১৬তম ওভারে আউট না হয়েও ড্রেসিং রুমে ফিরে যান বাংলাদেশের সাবেক অধিনায়ক।

১২তম ওভারে নেমে মাত্র তিন বলের মধ্যেই প্রথম বাউন্ডারি পান সাকিব। দুই বল পর মারেন আরেকটি চার। শুরুটা ইতিবাচক হলেও তিনি এরপর আর বড় ইনিংস গড়তে পারেননি। শেষ পর্যন্ত তার নামের পাশে থাকে ১২ বলে ১৬ রান, যার মধ্যে দুটি বাউন্ডারি। যখন তিনি ফেরেন, দলীয় সংগ্রহ ১৫.৫ ওভারে ৪ উইকেটে ১২৮। পরের ২৫ বলে এমআই এমিরেটস তুলতে সক্ষম হয় আরও ৫৭ রান।

ধারাভাষ্যকক্ষ থেকে মাইক হেইসমেন নিশ্চিত করেন, সাকিবকে কৌশলগত কারণে তুলে নেওয়া হয়েছে। তার জায়গায় নামেন অধিনায়ক কাইরন পোলার্ড, যিনি বালতি-স্টাইল টুপি পরে মাঠে নামতেই নজর কাড়েন। প্রথম বলেই চার মারলেও দ্বিতীয় বলেই ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে।

টি২০ ক্রিকেটে ট্যাকটিক্যাল রিটায়ার্ড আউট এখন আর অপ্রচলিত নয়। ২০২২ আইপিএলে রাজস্থান রয়্যালস রবিচন্দ্রন অশ্বিনকে তুলে নেওয়ার পর ব্যাপক আলোচনা হয়। এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রয়োজন অনুযায়ী এ কৌশল ব্যবহার করছে দলগুলো। গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার একজন ব্যাটসম্যান 'রিটায়ার্ড আউট' হতে দেখা যায়। 

সাকিবকে দিয়ে রিটায়ার্ড আউটের নজির হলো ৬১টি। ২০২২ সালের আগ পর্যন্ত ছিল মাত্র ৩টি। এখন তা হরহামেশাই হচ্ছে। এ বছর হলো ২৬টি।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এই অভিজ্ঞতা হয়েছিল কেবল সানজামুল ইসলামের। সেটিও ছিল বিচিত্র এক ঘটনা। সানজামুল আসলে কোনো বলই খেলেননি!

২০১৯ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মিরপুরে জয়ের জন্য কুমিল্লা ওয়ারিয়র্সের প্রয়োজন পড়ে শেষ বলে তিন রান। পঞ্চম বলে উইকেটের পতনের পর শেষ বলে প্রথমে কুমিল্লা নামায় সানজামুলকে। পরে সিদ্ধান্ত বদলে তাকে তুলে নিয়ে নামানো হয় মুজিব-উর-রাহমানকে। সানজামুলকে রিটায়ার্ড আউট দেন আম্পায়ার। সিদ্ধান্ত অবশ্য কাজে লেগে যায়। শেষ বলে লিয়াম প্লাঙ্কেটকে চার মেরে দলকে জিতিয়ে দেন মুজিব।

ব্যাটিংয়ে আজ এই অভিজ্ঞতার পর বল হাতে ২ ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন সাকিব। তবে তার দল জিতেছে শেষপর্যন্ত

×
সর্বশেষ সর্বাধিক পঠিত