দেশের বাজারে বেড়েছে ভোজ্যতেলের দাম। এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৫ টাকা ও ৫ লিটার ৯৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আগামীকাল সোমবার থেকেই কার্যকর হবে।
আজ রবিবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছে, নতুন দর আগামীকাল সোমবার থেকে কার্যকর করা হবে।
সংগঠনের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা গেছে, ৬ টাকা বাড়িয়ে এক লিটারের সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৯৫ টাকা। যা আগে ছিল ১৮৯ টাকা। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২২ টাকা থেকে বাড়িয়ে ৯৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যেখানে ৩৩ টাকা দাম বাড়ানো হয়েছে।
এ ছাড়া এক লিটারের খোলা সয়াবিনের দাম ২ টাকা বাড়িয়ে ১৭৬ টাকা এবং প্রতি লিটার পাম তেলের দাম ১৫০ টাকা থেকে ১৬ টাকা বাড়িয়ে ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
