বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে প্রথমবারের মতো বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিও অন্তর্ভুক্তিসহ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
আজ রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।
নতুন নীতিমালায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক পদ বাতিল করা হয়েছে। পাশাপাশি অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগের যোগ্যতায় বড় ধরনের সংশোধন আনা হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে দুই বছরের অভিজ্ঞতা এবং ১৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে কিংবা সহকারী প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা থাকলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ থাকবে।
এতে আরও বলা হয়েছে, অনুমতি ছাড়া ৬০ দিন বা তার বেশি সময় অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট শিক্ষক এমপিও সুবিধা থেকে বাদ পড়বেন। এমন ক্ষেত্রে নির্ধারিত সময় পূর্ণ হওয়ার পর পদটি শূন্য ঘোষণা করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।
নতুন জনবল কাঠামোয় একাদশ শ্রেণিতে বিভাগ খোলার ক্ষেত্রেও নতুন শর্ত যোগ হয়েছে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম ৩৫ জন এবং বিজ্ঞান বিভাগে ২৫ জন শিক্ষার্থী থাকলে নতুন শাখা খোলা যাবে। মফস্বলে মানবিক ও ব্যবসায় শিক্ষায় ৩০ জন এবং বিজ্ঞানে ২০ জন শিক্ষার্থীর শর্ত রাখা হয়েছে।
