দ্বিতীয় দিনের মতো চলছে জুলাই শহীদদের লাশ উত্তোলন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্ত করতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে লাশ উত্তোলন করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় দ্বিতীয় দিনের মতো লাশ উত্তোলনের কার্যক্রম শুরু হয়।

এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, রায়েরবাজার কবরস্থানে দ্বিতীয় দিনের মতো লাশ উত্তোলনের কার্যক্রম চলছে। গতকাল লাশ উত্তোলনের কার্যক্রম উদ্বোধন করেন সিআইডি প্রধান। গতকাল দুটি লাশ উত্তোলন করা হয়েছে। ‌কার্যক্রম সম্পন্ন হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

জাতিসংঘের মানবাধিকার সংস্থা (ওএইচসিএইচআর) মাধ্যমে আর্জেন্টিনা থেকে ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার ঢাকায় এসে পুরো কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন।

গত ৪ আগস্ট মোহাম্মদপুর থানার এসআই মাহিদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১১৪টি লাশ উত্তোলনের নির্দেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় শনাক্তের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়। গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত ১১৪ জন শহীদকে অজ্ঞাত পরিচয়ে মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত