হকির হামজা আমিরুল ইসলাম যুব বিশ্বকাপের ১৭তম স্থান নির্ধারণী ম্যাচেও হ্যাটট্রিক করেছেন। ভারতের মাদুরাইয়ে সন্ধ্যায় দারুণ লড়াইয়ের পর অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল।
মূল টুর্নামেন্টের ফাইনাল না হোক, কাগজে-কলমে এটাও অবশ্য একটা ফাইনালই ছিল- স্থান নির্ধারণী ফাইনাল। সে ফাইনাল জিতে ১৭তম হয়ে চ্যালেঞ্জার ট্রফিটা হাতে নিয়েছে সিগফ্রিড আইকম্যানের বাংলাদেশ দল। আমিরুল করেছেন তিন গোল। রকিবুল ও হজিফা হোসেন করেছেন বাকি দুটি।
প্রথম কোয়ার্টারের শেষ দিকে ফিল্ড গোল করে আমিরুল এগিয়ে দেন বাংলাদেশকে। দ্বিতীয় কোয়ার্টারে হজিফা ব্যবধান করেন দ্বিগুণ। এটাও ছিল একটি ফিল্ড গোল।
তৃতীয় কোয়ার্টারে রকিবুল আরেকটি ফিল্ড গোল করলে ৩-০তে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু শেষ দিকে অস্ট্রিয়া একটি গোল করে ব্যবধান কমায়।
চতুর্থ কোয়ার্টারে হয় নাটক। প্রথমে গোল করেন আমিরুল, পেনাল্টি স্ট্রোক থেকে। মিনিট ঘুরতে না ঘুরতেই অস্ট্রিয়া ৪-২ এ নামিয়ে আনে খেলাকে। কয়েক সেকেন্ড আমিরুল আবার পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। বাংলাদেশ এগিয়ে যায় ৫-২ গোলে।
তবে শেষ দিকে দুই মিনিটের মধ্যে দুটি গোল করে ব্যবধান ৫-৪ করে অস্ট্রেলিয়া। যদিও শেষপর্যন্ত আর কোনো গোল হতে দেয়নি বাংলাদেশ।
