চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, 'জাপান চীনকে সামরিকভাবে হুমকি দিচ্ছে, যা একেবারেই অগ্রহণযোগ্য '। সোমবার (৮ ডিসেম্বর) বেইজিংয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডেফুলের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি আকাশসীমায় সংঘাত ও জাপানের তাইওয়ান সম্পর্কিত অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেন ওয়াং ই।
উত্তেজনা বাড়ে যখন টোকিও পূর্ব চীন সাগরে চীনা যুদ্ধবিমান জাপানি সামরিক বিমানের ওপর রাডার লক করার অভিযোগ করে। জাপান একে বিপজ্জনক বলে নিন্দা জানায়। চীন অভিযোগ অস্বীকার করে জানায়, মিয়াকো স্ট্রেইটের পূর্ব পরিকল্পিত ও পূর্ব ঘোষিত নৌবাহিনীর ক্যারিয়ারভিত্তিক মহড়ায় বারবার হস্তক্ষেপ করেছে জাপানি বিমান।
সাম্প্রতিক সপ্তাহে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয়েছে, বিশেষ করে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাইওয়ান নিয়ে যেকোনো চীনা সামরিক পদক্ষেপ জাপানের নিরাপত্তাকে হুমকি দিলে পাল্টা প্রতিক্রিয়ার ইঙ্গিত দেওয়ার পর। চীন বলছে, এই মন্তব্য তাদের রেড লাইন অতিক্রম করেছে।
ওয়াং ই বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশি বছর পূর্তির বছরে পরাজিত দেশ হিসেবে জাপানের আরও সতর্ক আচরণ করা উচিত। তিনি জাপানের প্রধানমন্ত্রীকে তাইওয়ান ইস্যু রাজনৈতিকভাবে ব্যবহার করে উত্তেজনা সৃষ্টির অভিযোগ করেন।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী দুই দেশকে উত্তেজনা এড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক উত্তাপ ও সামরিক সক্রিয়তা বাড়তে থাকলে বেইজিং-টোকিওর যোগাযোগব্যবস্থা শক্তিশালী না হলে আরও বিপদজনক সংঘাতের আশঙ্কা রয়েছে।