নেটফ্লিক্সের সাথে নিলাম যুদ্ধে নামল প্যারামাউন্ট

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ পিএম

প্যারামাউন্ট স্কাইড্যান্স ঘোষণা করেছে, তারা নেটফ্লিক্সকে টপকে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণের জন্য ১০৮.৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্রস্তাবনা দিচ্ছে। এ বিশাল অংকের যোগান দিচ্ছে মধ্যপ্রাচ্যের বেশ কিছু অংশীদার যেমন সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড, আবুধাবির ল'ইমাদ, কাতারের ইনভেস্টমেন্ট অথরিটি এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনারের অ্যাফিনিটি পার্টনার্স এর মত প্রতিষ্ঠান । এছাড়া ৫৪ বিলিয়ন ডলারের ঋণ সরবরাহ করছে ব্যাংক অব আমেরিকা, সিটি এবং অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট। 

প্যারামাউন্টের ডেভিড এলিসন সিএনবিসিকে জানান, 'আমরা যেটা শুরু করেছি সেটা শেষ করতে এসেছি।'  তিনি বলেন, প্যারামাউন্টের প্রস্তাব নেটফ্লিক্সের ২৭.৭৫ ডলার প্রতি শেয়ার চুক্তির চেয়ে নগদ হিসেবে ১৭.৬ বিলিয়ন ডলার বেশি প্রদান করছে। প্যারামাউন্ট সিএনএন এবং টিএনটি স্পোর্টসের মতো টিভি নেটওয়ার্ক সহ সম্পূর্ণ কোম্পানি অধিগ্রহণের চেষ্টা করছে। তাদের দাবি ওয়ার্নার ব্রাদার্স অটুট থাকা শেয়ারহোল্ডারদের জন্য সবচেয়ে লাভজনক।  

গত শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়ার্নার ব্রাদার্স কেনার ঘোষনা দেয় নেটফ্লিক্স। প্যারামাউন্টের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তারা তাদের চুক্তি অপরিবর্তিত রেখে বলছে, তাদের প্রস্তাবনা কন্টেন্টের মান এবং চাকরি সংরক্ষণে সহায়ক। তারা মন্তব্য করেছে, প্যারামাউন্টের প্রস্তাবিত ৬ বিলিয়ন ডলারের সমন্বয় সম্ভবত কর্মী ছাটাই এর মাধ্যমে অর্জিত হতে পারে। 

সোমবার (৮ ডিসেম্বর) নাগাদ প্যারামাউন্টের শেয়ার বেড়েছে ৬%। তুলনায় নেটফ্লিক্সের শেয়ার প্রায় ৪% কমেছে। 
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত