পোস্টাল ব্যালট নিয়ে প্রবাসীদের প্রশ্নের জবাব দিচ্ছেন: রাষ্ট্রদূত-কনস্যুলেট কর্মকর্তারা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের পোস্টাল ব্যালট প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে একটি প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

সভায় রাষ্ট্রদূত প্রবাসীদের উদ্দেশে বলেন, পরবর্তী সরকার গঠনে আপনাদের প্রতিটি ভোট অত্যন্ত মূল্যবান। বিদেশে অবস্থান করলেও আপনাদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রবাসীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার নির্দেশনায় অল্প সময়ে পোস্টাল ব্যালটের পূর্ণাঙ্গ প্রক্রিয়া সুসংগঠিত করা হয়েছে এবং নির্বাচন কমিশন দেশ-বিদেশে ব্যাপক প্রচার কার্যক্রম চালাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত থেকে প্রায় ১৬ হাজার প্রবাসী ইতোমধ্যে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। তিনি আশা করেন, এই সচেতনতা সভার পর নিবন্ধনের সংখ্যা আরও দ্রুত বাড়বে। আমরা চাই প্রবাসীরা একে অপরকে উৎসাহিত করে সক্রিয়ভাবে এ প্রক্রিয়ায় অংশ নেবেন।

অনুষ্ঠানে কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, শ্রম কাউন্সিলর আব্দুস সালাম, প্রেস সচিব আরিফুর রহমানসহ গণমাধ্যম প্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে কর্মকর্তারা প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পোস্টাল ব্যালটের নিয়ম-কানুন, প্রয়োজনীয় কাগজপত্র ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত