কুমিল্লা–৪ এ ভোটে লড়বেন হাসনাত আব্দুল্লাহ

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে শাপলার কলি প্রতীক নিয়ে লড়াইয়ে নামছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বুধবার (১০ ডিসেম্বর) ঢাকার বাংলামটরে দলীয় কার্যালয়ে প্রথম ধাপে ১২৫টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে এনসিপি। সেই তালিকায় নতুন মুখ হিসেবে স্থান পান হাসনাত আব্দুল্লাহ।

দলীয় সূত্র জানায়, গত ১৩ নভেম্বর রাজধানীর বাংলামটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি। কুমিল্লা–৪ আসনটি জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন, যা পুরোপুরি দেবীদ্বার উপজেলাকে নিয়ে গঠিত। এ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক চারবারের সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী। সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা সাইফুল ইসলাম শহীদও। 

মনোনয়ন ঘোষণার আগ থেকেই দেবীদ্বার এলাকায় নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক ও ছোট ছোট মতবিনিময় সভা করে আসছেন এনসিপির এই প্রার্থী। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথা শুনছেন তিনি। দলীয় নেতাকর্মীদের দাবি, ধারাবাহিক প্রচারণা আর মানুষের কাছে যাওয়ার চেষ্টা ইতোমধ্যে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করেছে।

হাসনাত আব্দুল্লাহ মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দেবীদ্বারের মানুষের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। উন্নয়ন আর সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। মানুষ আমাকে সুযোগ দিলে দেবীদ্বারকে এগিয়ে নেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।

নির্বাচনী প্রচারণা আরো জোরদার করার প্রস্তুতি নিচ্ছেন তিনি বলে দলীয় সূত্র জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত