বিএনপির সাবেক এমপি এনসিপির প্রার্থী

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে বিএনপি নেতা সাবেক এমপি মেজর (অব.) মনজুর কাদেরের নাম ঘোষণা করেছে দলটি। ফলে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দলটির প্রভাবশালী নেতা মেজর (অব.) মনজুর কাদেরকে মনোনয়ন দিয়ে চমক সৃষ্টি করল এনসিপি।

আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সারা দেশের ১২৫ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

জানা গেছে, মনজুর কাদের ২০০১ সালে সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুরের একাংশ) আসনে বিএনপির প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয়ী হন। ওই আসনটি বিলুপ্ত হওয়ার পর ২০০৮ সালে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসন থেকে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোটের প্রার্থী হন তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের কাছে মাত্র ২৫২ ভোটে পরাজিত হন।

এনসিপি থেকে মনোনয়ন পাওয়ার বিষয়ে মেজর অবসর মুনজুর কাদের দেশ রূপান্তরকে বলেন, বেলকুচি চৌহালী থেকে এনসিপি থেকে শাপলা কলি প্রতিকে নির্বাচন করব। আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, বেলকুচি চৌহাল নদী ভাঙন এলাকা নদী রক্ষা রোধে কাজ করব, এই এলাকার মানুষ তাঁত শিল্পের উপর নির্ভরশীল, তাঁত শিল্পের উন্নয়নের জন্যও কাজ করবো, এনায়েতপুর একটি বৃহৎ হাট, হাটের উন্নয়নও কাজ করব। এর বাইরেও সকল শ্রেণিপেশার মানুষের জীবন মান উন্নয়নের জন্য কাজ করব।

আপনি কি বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে এনসিপি থেকে মনোনয়ন নিলেন এমন প্রশ্নের জবাবে মেজর (অব.) মনজুর কাদের বলেন, ‘আমি বিএনপি থেকে এবার মনোনয়ন চাইনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত