হাসিনার তৃতীয় কোনো দেশে যাবার তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে যেতে পারেন কূটনৈতিক চ্যানেলে এমন কোনো তথ্য নেই।

বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনার ভারত ছেড়ে তৃতীয় দেশে যাওয়া নিয়ে কোনো তথ্য আছে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটার বিষয়ে বাংলাদেশের কিছু করার নাই। আমরা চাই উনি ফেরত আসুক। শুনেছি আপনারা যে রকম বলছেন।

তাকে ফেরানোর বিষয়ে তিনি বলেন, ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠাতে। আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারবো, এইটুকুই। এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিচারবহির্ভূত হত্যা বন্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ।

ভিসা-সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, ফেক ডকুমেন্ট তৈরি বন্ধ না হলে বাংলাদেশের ভিসা-সংক্রান্ত সমস্যা সমাধান হবে না। শিক্ষার্থীদের ভিসা প্রদানের বিষয় সেসব দেশের অধীনে; দেশে নতুন কোনো মিশন খোলা সময়সাপেক্ষ বিষয়। অনেকগুলো মিশন অনুমোদিত, কিন্তু আর্থিক কারণে তা হচ্ছে না।

ডিজিএফআই বন্ধ করবে কি না সরকার, জানতে চাইলে তিনি বলেন, ডিজিএফআইয়ের মতো প্রতিষ্ঠান সব দেশে আছে; এটা বন্ধ করা সহজ নয়। মানবাধিকার ইস্যুতে বিদেশি কোনো নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই। র‍্যাব কয়েক মাসে যথেষ্ট উন্নতি করেছে এবং মানবাধিকার রক্ষায় সরকার শতভাগ চেষ্টা করছে।

ভারতকে বাদ দিয়ে পাকিস্তান ও চীনকে নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন জোট গঠনের সম্ভাবনার প্রশ্নে তিনি বলেন, কোনো একদিন এর অগ্রগতি ঘটতে পারে, তবে এখন এ বিষয়ে বেশি কিছু বলার অবস্থায় নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত