মায়ামিতে ইন্টার মায়ামির চেজ স্টেডিয়ামে শুরু হয়েছে মেসি কাপ, যেখানে বিশ্বের নামী ক্লাবগুলোর অনূর্ধ্ব–১৬ দল অংশ নিচ্ছে। লিওনেল মেসির উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক যুব ফুটবল টুর্নামেন্টটি এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে ফ্লোরিডায়। ৯ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ছয় দিনে মোট ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নিচ্ছে আটটি দল।
উদ্বোধনী দিনে উপস্থিত থেকে তরুণদের চমকে দেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। তাকে সামনে পেয়ে রিভার প্লেট ও নিউওয়েলস ওল্ড বয়েজের খেলোয়াড়দের উত্তেজনা ছিল তুঙ্গে। খারাপ আবহাওয়ার কারণে মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন করা না গেলেও মেসি জানান, আগামী কয়েক দিন তরুণদের সঙ্গে সময় কাটাতে তিনি মুখিয়ে আছেন। রিভার ও নিউওয়েল ওল্ডবয়েজ ক্লাবের তরুণরা মেসির সঙ্গে ছবি তোলা ও আলিঙ্গনের সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে। আয়োজকেরা ইঙ্গিত দিয়েছেন, টুর্নামেন্টজুড়ে আরও কিছু চমক থাকতে পারে।
মেসির ভাষায়, মেসি কাপ নতুন প্রজন্মের মনোভাব, নিবেদন ও স্বপ্নকে তুলে ধরে। তার মতে, এই টুর্নামেন্ট তরুণদের অনুপ্রেরণা দেবে এবং ফুটবলের ভবিষ্যৎ তারা আরও উজ্জ্বল করবে।
প্রথম দিনের খেলায় মেসির বর্তমান ইন্টার মায়ামি ৪–০ গোলে হারায় নিউওয়েল ওল্ড বয়েজকে। আর মেসির পুরনো ক্লাব বার্সেলোনার কিশোররা ২-২ গোলে রুখে দেয় আর্জেন্টিনা জায়ান্ট রিভারপ্লেটকে। এছাড়া ম্যানচেস্টার সিটি ৩–০ গোলে জেতে ইন্টার মিলানের বিপক্ষে।
দুই গ্রুপে চারটি করে দল নিয়ে এই প্রতিযোগিতা চলছে। প্রতিটি ম্যাচে দুই ৪০ মিনিটের অর্ধে খেলা হবে এবং গ্রুপপর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর চেজ স্টেডিয়ামে।
'নোয়াখালীর' হায়দার আলিসহ ৯ ক্রিকেটারকে বিপিএলে খেলতে অনুমতি পিসিবি'র