জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, হাতিয়ার স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি–জামায়াত–এনসিপি–গণঅধিকারসহ হাতিয়ায় থাকা সব দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ঐক্যবদ্ধ হোন। আমরা সবাই মিলেই দ্বীপ হাতিয়াকে রক্ষা করি।
বুধবার সন্ধ্যায় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের আফাজিয়া বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন।
হান্নান মাসউদ বলেন, “আমরা হাতিয়ার মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দ্বীপকে ভূমিদস্যু, জলদস্যু এবং নদী ভাঙন থেকে রক্ষা করবো।
তাই দল-মত নির্বিশেষে সবাইকে আহ্বান করছি-এসে একসঙ্গে কাজ করি, ঐক্যবদ্ধভাবে হাতিয়াকে বদলাই। হাতিয়াকে বাঁচাতে হলে দলে-দলে লড়াই করা যাবে না, মারামারি–হানাহানি চলবে না। হাতিয়ার মানুষ নিজেদের মধ্যে আবার সংঘাতে জড়ালে এই দ্বীপের মুক্তি মিলবে না।”
তিনি আরও বলেন, “আমি আজ এখানে কোনো নির্বাচনী জনসভা করতে আসিনি। যদিও দল থেকে আমাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন দিয়ে শাপলা-কলি প্রতীক দেওয়া হয়েছে।
কিন্তু হাতিয়ার মানুষ না চাইলে আমি নির্বাচনে থাকবো না। হাতিয়ার মানুষ চাইলে আমি নির্বাচনে অংশ নেবো। উন্নয়নের স্বার্থে আমরা কারও বিরুদ্ধে কথা বলতে চাই না। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি নতুন হাতিয়া গড়ে তুলতে চাই।”
এদিকে হান্নান মাসউদের পথসভাকে কেন্দ্র করে দুপুর থেকে হাতিয়া দ্বীপের বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে লোকজন আফাজিয়া বাজার নলচিরা ঘাটে জড়ো হতে থাকে।
পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দুই উপদেষ্টার পদত্যাগ তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর