‘আগে রোনালদোকে সেরা বলতাম, এখন মনে করি মেসিই সর্বকালের সেরা’

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম

লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো—ফুটবলের সর্বকালের সেরা নিয়ে বিতর্ক চলছেই। কিন্তু জার্মান ফরোয়ার্ড টমাস মুলারের কাছে এখন আর প্রশ্নটি তেমন জটিল নয়। দীর্ঘ ক্যারিয়ার, অভিজ্ঞতার পরতে পরতে বদলে গেছে তার দৃষ্টিভঙ্গি। আর সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টই জানালেন, সেরা বলতে তার কাছে এখন মেসিই অনন্য।

ইএসপিএনে প্রকাশিত এক ভাইরাল সাক্ষাৎকারে মুলারকে আবারও প্রশ্ন করা হয় ফুটবল ইতিহাসের দুই মহাতারকার তুলনা নিয়ে। হাসিমুখে জার্মান ফরোয়ার্ড বলেন, ‘পুরোনো সেই প্রশ্ন! দুজনই এখনও খেলছেন। পরিসংখ্যানে দুজনেই অবিশ্বাস্য। কিন্তু আমার কাছে মেসিই বেশি প্রভাবশালী। তার খেলার ধরন জাদুর মতো। আরও বেশি স্বাভাবিক, আরও বেশি শুদ্ধ প্রতিভা।’

পেশাদার ক্যারিয়ারের শুরুর দশ বছর মুলার সেরা নিয়ে বিতর্ক হলে রোনালদোকেই এগিয়ে রাখতেন। যুক্তিও ছিল যথেষ্ট—ফিটনেস, গোলের ক্ষুধা, ধারাবাহিকতা ও অদম্য মানসিকতা। তিনি বলেন, ‘আগে সবসময় ক্রিশ্চিয়ানোর পক্ষেই থাকতাম। তার কর্মনীতি অতুলনীয়, মেসির চেয়েও উন্নত। কিন্তু ফুটবলকে যেভাবে মেসি উপস্থাপন করেন—তা দেখলে অবাক হই না; কারণ জানি তিনি কী করতে পারেন। তবুও সেটা ভীষণ মুগ্ধকর।’

বয়স, অভিজ্ঞতা ও ফুটবলের নতুন দৃষ্টিভঙ্গি মুলারকে বদলে দিয়েছে। এখন তার কাছে পরিসংখ্যানে নয়, সৌন্দর্য ও নান্দনিকতাই বেশি গুরুত্ব পায়। তাই মেসিই তার কাছে সেরা। মুলার বলেন, ‘এখন আমি একটু বেশি রোমান্টিক। স্টাইল আমাকে বেশি টানে। আর সেই জায়গায় মেসি সবসময়ই আলাদা। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর তো আর কোনো সন্দেহই থাকে না যে, মেসিই সর্বকালের সেরা।’

দক্ষিণ আফ্রিকা ২০১০ ও ব্রাজিল ২০১৪—দুটি বিশ্বকাপেই জার্মানির বিপক্ষে মেসির হতাশার সাক্ষী ছিলেন মুলার। ২০১৫ সালের চ্যাম্পিয়নস লিগেও বার্সেলোনার কাছে বায়ার্ন হেরে যায় ৩–০ গোলে। তাই তার পক্ষ থেকে এই প্রশংসা আরও তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ফুটবলাঙ্গন। ক্যারিয়ারে মুলারের দল অনেকবারই মেসির দলকে হারিয়েছে। তবে ইন্টার মায়ামির জার্সিতে মেসি জিতেছেন মুলারের ভ্যাঙ্কুভারের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত