ভারত-বাংলাদেশ সমঝোতায় বন্দি জেলেদের প্রত্যাবর্তন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ এএম

বন্দি বিনিময় চুক্তির আওতায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) পারস্পরিক সমঝোতার মাধ্যমে দুই দেশের কোস্টগার্ড ভারত ও বাংলাদেশের আটক জেলেদের হস্তান্তর শেষ করে। এদিন বাংলাদেশের কারাগার থেকে মুক্তি পেয়ে ৪৭ জন ভারতীয় জেলে নিজ দেশে ফিরে যান। একই সঙ্গে ভারতীয় কোস্টগার্ড থেকে ৩২ বাংলাদেশি জেলেকে ফিশিং বোটসহ দেশে নেওয়া হয়। দেশে ফেরা ৩২ জেলের মধ্যে ১৯ জন ভোলা ও ১৩ জন বাগেরহাট জেলার বাসিন্দা। বুধবার (১০ ডিসেম্বর) মোংলা কোস্টগার্ড স্টেশনে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।    

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত জুলাই ও আগস্ট মাসে বঙ্গোপসাগরে অনুপ্রবেশ ও মৎস্য আহরণের অভিযোগে বাংলাদেশ নৌবাহিনী ৪৭ জন ভারতীয় জেলেকে ৩টি ফিশিং বোটসহ আটক করে। অপরদিকে, ১২ সেপ্টেম্বর ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ভারতীয় কোস্টগার্ড ৩২ জন বাংলাদেশি জেলেকে ২টি ফিশিং বোটসহ আটক করে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দু’পক্ষীয় সমঝোতার মাধ্যমে বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 'উভয় সরকারই জেলেদের সঙ্গে তাদের সচল নৌযান ফেরতের প্রক্রিয়া সফলভাবে শেষ করেছে। এই বিনিময় প্রক্রিয়ায় দুই দেশের মৎস্যজীবী সম্প্রদায়ের জীবন ও নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।'
 
দুই দেশের মধ্যে কিছুটা শীতল সম্পর্কের মধ্যেও মানবিক বিবেচনায় এই পারস্পরিক প্রত্যাবর্তন কার্যক্রম সম্পন্ন হওয়ায় মৎস্যজীবী সম্প্রদায়ের মধ্যে স্বস্তি সৃষ্টি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত