রংপুরে বিভাগীয় ইজতেমা শুরুর দিন ২ মুসল্লির মৃত্যু

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম

তিন দিনব্যাপী রংপুর বিভাগীয় ইজতেমা শুরুর দিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঠান্ডাজনিত সমস্যায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে। দুপুরে আমাশু কুকরুল এলাকায় ইজতেমার মাঠের ৬ নম্বর হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন ও পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

মৃত মুসল্লিরা হলেন, রংপুরের পীরগঞ্জের সাঈদুর রহমান ও টাঙ্গাইল জেলার তারা মিয়া।

ইঞ্জিনিয়ার আবুল হোসেন বলেন, দুপুরে ইজতেমা ময়দানেই জানাযা শেষে দুই মুসল্লির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওসি মাইদুল ইসলাম বলেন, ইজতেমার মাঠে বয়স ও শ্বাসকষ্টজনিত কারণে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের দুজনের মৃত্যুই স্বাভাবিক।

আয়োজক কমিটির সদস্য খালেকুজ্জামান রাজা জানান, এবারের বিভাগীয় ইজতেমায় রংপুর বিভাগের আট জেলার তাবলিগের সাথিরা অংশ নিয়েছেন। এছাড়াও ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে  প্রায় ২০০ বিদেশি মেহমান অংশ নিয়েছেন। ইজতেমা মাঠে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি শতাধিক জেনারেটর প্রস্তুত রাখা হয়েছে। মুসল্লিদের ওজু ও গোসলের জন্য পর্যাপ্ত পানি ও ট্যাপের ব্যবস্থা রয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, এবারেই প্রথম বিভাগীয় পর্যায়ে ইজতেমা শুরু হয়েছে। নির্বিঘ্নে ইজতেমার কাজ সম্পন্ন ও ট্রাফিক ব্যবস্থা পরিচালনায় আয়োজক কমিটির স্বেচ্ছাসেবকদের সঙ্গে পুলিশ সার্বিক সহযোগিতা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত