কলকাতায় বাংলাদেশ-ইতালি বিশ্বকাপ ম্যাচ দেখা যাবে মাত্র ১৩৫ টাকায়

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচ দেখার টিকিট এবার পাওয়া যাবে অবিশ্বাস্য কম দামে। সর্বনিম্ন ১১৩৫ টাকা খরচ করেই দর্শকরা মাঠে বসে দেখতে পারবেন বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। ভারতীয় মুদ্রায় এটি মাত্র ১০০ রুপি। তবে এই সুবিধা শুধুমাত্র ভারতের নির্দিষ্ট কিছু ভেন্যুতে মিলবে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য প্রথম পর্বের ম্যাচগুলো দেখতে খরচ হবে ১০০০ লঙ্কান রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ টাকা।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। পাকিস্তানের সব ম্যাচ আয়োজন করা হবে শ্রীলঙ্কায়। প্রথম পর্ব চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ প্রথম পর্বের টিকিটপ্রতি মূল্য প্রকাশ করেছে আইসিসি এবং আজই শুরু হয়েছে টিকিট বিক্রি।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে ‘tickets.cricketworldcup.com’ সাইটে প্রথম পর্বের টিকিট কেনা যাচ্ছে। আইসিসি জানিয়েছে, খুব শিগগির দ্বিতীয় পর্বের টিকিটের মূল্য ও বিক্রি শুরু হবে।

তথ্য অনুযায়ী সর্বনিম্ন ১০০ রূপা বা ১৩৫ টাকার টিকেট কলকাতার ইডেন গার্ডনে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-ইতালি ম্যাচের জন্য। এই মাঠেই বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের টিকিটের দাম সর্বনিম্ন ৩০০ রূপী। আর বাংলাদেশ-নেপাল ম্যাচের টিকিটের দাম আড়াইশ রূপী। 

আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা বলেছেন, “মাত্র ১০০ রুপি থেকে শুরু করে ১০০০ শ্রীলঙ্কান রুপি পর্যন্ত টিকিট মূল্য নির্ধারণের মাধ্যমে আমরা সাশ্রয়ীতা নিশ্চিত করেছি। এর লক্ষ্য হলো লক্ষ লক্ষ দর্শককে ক্রিকেট উৎসবে যুক্ত করা। দূর থেকে নয়, স্টেডিয়ামের আবেগ ও শক্তির অংশ হয়ে ম্যাচ উপভোগ করার সুযোগ তৈরি করা।”

এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০টি দল। প্রথম পর্বে দলগুলোকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি দল গ্রুপে একবার করে মুখোমুখি হবে। গ্রুপের শীর্ষ দুটি দল যাবে সুপার এইটে। এরপর দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতা, সেখান থেকে সেরা চার দল পৌঁছাবে সেমিফাইনালে। ৪ ও ৫ মার্চ সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল ৮ মার্চ। পাকিস্তান সেমিফাইনাল বা ফাইনালে উঠলে ম্যাচ হবে কলম্বোয়। না হলে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতায় এবং ফাইনাল আহমেদাবাদে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত