হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর ক্যাম্পের সামনে ঢাকা–সিলেট মহাসড়কে পরিচালিত চেকপোস্টে গতকাল (১১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সিলেট তামাবিল থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে অবৈধ মাদক পাচার করা হচ্ছে। পরে ঢাকা মেট্রো-ন-২৩-১৭৪৫ নম্বরের কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লক্ষ টাকা।
স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দতালিকা মূলে কাভার্ড ভ্যান ও গাঁজা জব্দ করা হয়। ঘটনার পর চালক মো. ইউছুফ (৪৫) আলীকে আটক করা হয়। ইউছুফ আলী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার লডাইরচর গ্রামের আব্দুর রশিদ বেপারির ছেলে। তিনি জানান, সিলেট তামাবিল এলাকা থেকে গাঁজাগুলো সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান।
