নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা, প্রশ্ন বদিউল আলমের

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ পিএম

পক্ষপাতমুক্ত নির্বাচন আয়োজন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনায় একথা বলেন তিনি। 'বাংলাদেশ আসন্ন নির্বাচন ও নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে' এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত আলোচনাসভায় তিনি বলেন, নির্বাচন হবে না, এই অশঙ্কা বহুলাংশে দূর হয়েছে। পুরোপুরি দূর হয়নি। আমিসহ অনেকের মনে দুটো প্রশ্ন রয়েছে। একটা হলো— নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা। নির্বাচন একটি প্রক্রিয়া এবং এর অনেকগুলো ধাপ রয়েছে। ভোটার তালিকা থেকে ফলাফল ঘোষণা এবং নির্বাচনী বিরোধ মীমাংসা পর্যন্ত, এই পুরো প্রক্রিয়া কারসাজিমুক্ত, স্বচ্ছ, পক্ষপাতিত্বমুক্ত হবে কিনা — এর ওপর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নির্ভর করবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সহিংসতায় লিপ্ত হলে নির্বাচন নিয়ে আবার অনিশ্চয়তা দেখা দেবে। তাই নির্বাচন সুষ্ঠু করার জন্য গভীর সংস্কার দরকার।

আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন লেখক গবেষক আলতাফ পারভেজ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত