সীমান্তে চলমান সংঘাতের প্রেক্ষাপটে পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে ইরান। এ লক্ষ্যেই তেহরান আগামী সপ্তাহে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
পাকিস্তানি দৈনিক ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বহুদিন ধরে অচলাবস্থায় থাকা দুই প্রতিবেশী দেশের সম্পর্ক মেরামতে এটিকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
জানা যায়, বৈঠকটি আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে। দোহা, ইস্তাম্বুল ও জেদ্দায় অনুষ্ঠিত আগের কয়েক দফা আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না আসায় এবার নতুন পর্বের এই উদ্যোগ গুরুত্ব পাচ্ছে।
এ আলোচনার বিশেষ দিক হলও—চীন ও রাশিয়ার প্রতিনিধিরাও বৈঠকে অংশ নিতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। এতে স্পষ্ট হচ্ছে, আঞ্চলিক শক্তিগুলো পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনাকে বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি হিসেবে বিবেচনা করছে।
