পাবনা শহরে বিষাক্ত মদপানে স্থানীয় ব্যান্ড দলের দুই সদস্যের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন পাবনা শহরের গোপালপুর মহল্লার সুমন সরকার (৩৫) ও রাধানগর মক্তব এলাকার মামুন হোসেন (৩২)। তারা দুইজনই স্থানীয় একটি ব্যান্ড দলের সদস্য।
স্থানীয় জানায়, গত ১০ ডিসেম্বর রাতে তারা একটি অনুষ্ঠান শেষে মদপান করেন। এরপর থেকে তারা অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়।
এবিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, হাসপাতালের নথিপত্র অনুযায়ী তাদের মৃত্যুর কারণ মদ্যপান উল্লেখ করা হয়েছে। কোথা থেকে, কিভাবে, কি মদ খেয়ে তারা কিভাবে মারা গেল এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
তিনি জানান, মৃত একজন সনাতনী ধর্মের হওয়ায় তার সৎকার করেছেন পরিবার। আর অপরজনের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখনও মৃত্যুর বিষয়ে কোনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করেনি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাবনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সুখি খাতুন জানান, মৃত্যুর আগে তাদের একজনকে রাত ১২টায় ও অপরজনকে রাত ৩টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। একজন হাসপাতালে মারা গেলে তাকে তার স্বজনরা নিয়ে চলে যান। আরেকজনকে রাজশাহী নেওয়ার পথে মারা গেছেন।
