মেসিকে নিয়ে ভারতে উন্মাদনা, ৭০ ফুট ভাস্কর্য উন্মোচন

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম

লিওনেল মেসিকে ঘিরে ভারতে চলছে অভূতপূর্ব উন্মাদনা। তিন দিনের বিশেষ সফরে দেশটিতে পা রাখার আগেই কলকাতায় প্রস্তুত হয়েছে তার ২১ মিটার (৭০ ফুট) উচ্চতার বিশাল ভাস্কর্য, যা দেখানো হবে ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে। বিশ্বকাপ ট্রফি হাতে তোলা মেসির এই লোহার ভাস্কর্য 'গোট ট্যুর' বা 'জিও এটি ট্যুর অব ইন্ডিয়া ২০২৫'-এর কেন্দ্রবিন্দু। বলা হচ্ছে, এটি বিশ্বের যেকোনো ফুটবলারের সবচেয়ে উঁচু প্রতিকৃতি হিসেবে গিনেস রেকর্ডে নাম লেখাবে।

মেসির বিশেষ বিমান আজ রাত ২টার দিকে কলকাতায় নামবে। তার আগমন ঘিরে পুরো শহর এখন উৎসবমুখর। লেক টাউন, সল্টলেক, কলকাতার বিভিন্ন এলাকা সাজানো হয়েছে পোস্টার, ব্যানার আর আলোয়। মেসির সফর নিয়ে তৈরি হয়েছে এক মহাযজ্ঞ, যা ছড়িয়ে পড়েছে হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লিতেও।

কলকাতায় স্থাপিত হয়েছে বিশেষ 'হোলা মেসি' ফ্যান জোন। সেখানে সিংহাসনে বসা মেসির জীবন-আকারের প্রতিকৃতি, ইন্টার মায়ামিতে তার বাড়ির রেপ্লিকা এবং পরিবারের সদস্যদের মানেকিন প্রদর্শনের জন্য রাখা হয়েছে। প্রতিদিন সেখানে জড়ো হচ্ছেন হাজারো সমর্থক।

৭০ ফুট ভাস্কর্যের প্রধান নির্মাতা মণ্টি পল জানান, মাত্র ৪০ দিনে নির্মিত হয়েছে এই বিশাল কাঠামো। তার ভাষায়, “মেসির ভাস্কর্য তৈরি করা আমার জীবনের গর্বের কাজ। এটি আমার তৈরি সবচেয়ে বড় ভাস্কর্য।” সমর্থকদের আবেগও চূড়ান্তে। ৬৪ বছর বয়সী ভক্ত সামির নন্দী বলেন, “মেসিকে সামনাসামনি দেখা জীবনের স্বপ্ন। শুধু মাঠের সাফল্য নয়, তার দৃঢ়তাই আমাকে অনুপ্রাণিত করে। এই মূর্তি তারই প্রাপ্য সম্মান।”

সফরকালে মেসির সঙ্গে দেখা করবেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। কলকাতায় একটি সংক্ষিপ্ত প্রীতি ম্যাচেও অংশ নেবেন তিনি, যা হবে তার সফরের প্রথম বড় ইভেন্ট।

কলকাতা থেকে মেসি যাবেন হায়দরাবাদে, যেখানে তার সম্মানে একটি কনসার্ট আয়োজন করা হয়েছে এবং আরেকটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। মুম্বাই ও নয়াদিল্লিতেও রয়েছে বিভিন্ন আনুষ্ঠানিকতা। দিল্লিতে তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য সাক্ষাতের বিষয়টি আলোচনায় আছে।

আট বছর আগে একই স্থানে ডিয়েগো ম্যারাডোনা নিজেই তাঁর প্রতিকৃতি উন্মোচন করেছিলেন। এখন সেই কাতারে যোগ দিতে যাচ্ছেন মেসিও। ইন্টার মায়ামি তারকা নিজেই তাঁর প্রতিকৃতি উন্মোচন করবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। 

এটি মেসির ভারতে দ্বিতীয় সফর। এর আগে ২০১১ সালে ভারতে এসেছিলেন, তখন আর্জেন্টিনা দল ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলছিল সল্টলেক স্টেডিয়ামে। সেই ম্যাচে মেসির অ্যাসিস্টে নিকোলাস ওতামেন্দির গোলে আর্জেন্টিনা জিতেছিল ১–০ গোলে। 

ভারত সফর নিয়ে নিজেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেসি, “ভারত আমার কাছে একটি বিশেষ দেশ। ১৪ বছর আগে সেখানে দারুণ স্মৃতি তৈরি হয়েছিল। ফুটবলের প্রতি ভক্তদের আবেগ অবিস্মরণীয়। আবার তাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত