গাজীপুরে নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজের দাবি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ পিএম

গাজীপুরে নিরাপদ সড়ক নিশ্চিত, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর ফুটওভার ব্রিজ নির্মাণ এবং সড়ক দুর্ঘটনার প্রতিবাদে অবরোধ করেছে এলাকাবাসী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও পোশাক কারখানার শ্রমিকরা।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল পৌনে দশটা থেকে সোয়া দশটা পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের উভয় পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

এলাকাবাসী জানান, গাজীপুর মহানগরের নাওজোর ও কড্ডা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগসহ সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

নাওজোর ফ্লাইওভারের উভয় প্রান্তে অর্ধশতাধিক পোশাক কারখানা, স্কুল-কলেজ, মাদ্রাসা, চিকিৎসা কেন্দ্র ও বাজার রয়েছে। প্রতিদিন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পোশাক কারখানার শ্রমিকদের জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হতে হয়। ফলে প্রায়ই দুর্ঘটনা এবং হতাহতের ঘটনা ঘটছে।

এ অবস্থায় বাধ্য হয়ে এলাকাবাসী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ এবং মহাসড়কের দুই পাশে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

স্থানীয় বডি ফ্যাশন ও আইসিএল কারখানার সিইও সাব্বির আহমেদ বলেন, নাওজোর এলাকায় নিরাপদভাবে মহাসড়ক পারাপারের কোনো ব্যবস্থা নেই। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অনেক শ্রমিক ও স্থানীয় মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন বা আহত হচ্ছেন। দুর্ঘটনা এড়াতে ও মানুষের জীবন রক্ষায় নাওজোর ফ্লাইওভারের পশ্চিম পাশে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ অত্যন্ত জরুরি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, নাওজোর এলাকায় ফুটওভার ব্রিজের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন। পরে তারা স্বেচ্ছায় মহাসড়ক থেকে সরে যান। এতে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত