শরীয়তপুরের জাজিরায় মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে ৬ বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নাজমুল খাঁ নামের এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গণধোলাই শেষে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শনিবার বিকালে জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নাজমুল খাঁ উপজেলার আব্দুর বেপারীকান্দি এলাকার আব্দুর রশিদ খার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভুক্তভোগী ওই শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনে প্লেতে পড়াশোনা করে। শনিবার বিকালে বাড়ির পাশে খেলতে গেলে স্থানীয় যুবক নাজমুল খাঁ তাকে মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে ঘরে ডেকে নেয় এবং ধর্ষণ করে বলে অভিযোগ উঠে।
পরবর্তী সময়ে তাকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি করলে বাড়ির পাশে অসুস্থ অবস্থায় শিশুটিকে পায়। এসময় মেয়েটির প্যান্টে রক্ত লেগে থাকতে দেখলে তার মা শিশুটিকে জিজ্ঞেস করার একপর্যায়ে শিশুটি সম্পূর্ণ ঘটনা খুলে বলে।
পরে শিশুটিকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক। এদিকে ঘটনা জানাজানি হলে অভিযুক্ত নাজমুল খাঁকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
এ ঘটনায় অভিযুক্তর কঠিন বিচার দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার ও স্বজনরা। আর তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, ছয় বছরের মেয়ে শিশুকে এক তরুণ ধর্ষণ করেছে। ওই তরুণকে স্থানীয়রা গণধোলাই দিয়ে আমাদের কাছে সপর্দ করেছে। এদিকে অসুস্থ শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আমরা এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলা রুজু হবে।
