খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৌদি আরবে দোয়া মাহফিল

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ পিএম

সৌদি আরবের জেদ্দায় সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি।

গতকাল (১৩ ডিসেম্বর) জেদ্দার স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সংগঠনের সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৌদি আরব কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মান্নান, জিয়া পরিষদের সাবেক সভাপতি প্রকৌশলী নুরুল আমিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জাসাসের আহ্বায়ক রফিকুল হক চৌধুরী, যুবদলের সাধারণ সম্পাদক শেখ মুশতাক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হানিছ সরকার উজ্জ্বলসহ তায়েফ ও অন্যান্য অঞ্চল থেকে আগত বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। তিনি প্রবাসী নেতাকর্মীদের পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে ভোট প্রদানে সাধারণ প্রবাসীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন ক্যাম্প ও প্রবাসী অধ্যুষিত এলাকায় সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, বহির্বিশ্বের ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচনকে সফল করতে হবে এবং সবার অংশগ্রহণেই তা সম্ভব। এ সময় তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ মোনাজাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত